
চ্যানেল ভোলা: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দুর্নীতির মামলার ১০ জন আসামিকে দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তালিকায় শেখ হাসিনার পরিবারের সদস্যদের পাশাপাশি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ এবং এস আলম গ্রুপের শীর্ষ কর্মকর্তারাও রয়েছেন।
দুদক সূত্রে জানা গেছে, বিদেশে অবস্থানরত এসব আসামির বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলার তদন্ত ও বিচার কার্যক্রম এগিয়ে নিতে তাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ইন্টারপোলের সহযোগিতা চেয়ে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে।
সম্প্রতি দুদকের একটি মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে ইন্টারপোলের সহায়তায় দুবাই পুলিশ গ্রেপ্তার করে। এরপর তাকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় নথিপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দুদক।
দুদকের সহকারী পরিচালক তানজীর আহমেদ জানান, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলায় রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে।
এছাড়া সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ, তার স্ত্রী রুকমিলা জামান, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, তার স্ত্রী এবং দুই ভাইয়ের বিরুদ্ধেও ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) মনে করে, দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ ও শক্ত প্রমাণ থাকলে বিদেশে অবস্থানরত আসামিদের দেশে ফিরিয়ে আনার সম্ভাবনা বেশি থাকে।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, রাজনৈতিক বিবেচনায় বিদেশে থাকা কোনো ব্যক্তিকে ফিরিয়ে আনা কঠিন হতে পারে। তবে দুর্নীতির সুনির্দিষ্ট মামলা ও আন্তর্জাতিক সহযোগিতা থাকলে তা তুলনামূলকভাবে সহজ হয়।
এদিকে, গত ফেব্রুয়ারিতে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন অনুমোদিত হলেও আইনি জটিলতার কারণে এখনো ইন্টারপোলের কাছে চূড়ান্ত নথি পাঠানো সম্ভব হয়নি বলে জানিয়েছে দুদক।
দুদকের কর্মকর্তারা আশা করছেন, আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে বিদেশে অবস্থানরত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং তাদের দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে অগ্রগতি হবে।