
চ্যানেল ভোলা: দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণের গহনার দাম। মাত্র দুই দিনের ব্যবধানে নতুন করে মূল্য সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) গহনার দাম সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা পর্যন্ত কমেছে।
বুধবার (২৪ জুন) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।
এর আগে গত ২২ জুন স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। সে সময় ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ৪ হাজার ৪৩২ টাকা বাড়িয়ে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সঙ্গে অন্যান্য ক্যারেটের স্বর্ণের দামও বৃদ্ধি করা হয়।
তবে সেই মূল্যবৃদ্ধির মাত্র দুই দিনের মাথায় আবারও দাম কমানোর ঘোষণা এলো। নতুন সমন্বয়ে সব ধরনের স্বর্ণের দামই কমেছে।
বাজুসের তথ্য অনুযায়ী, নতুন সিদ্ধান্ত কার্যকর হওয়ার আগ পর্যন্ত পূর্ব নির্ধারিত উচ্চমূল্যেই স্বর্ণ বিক্রি হচ্ছিল। সংশ্লিষ্টরা মনে করছেন, সর্বশেষ এই মূল্যহ্রাসের ফলে দেশের স্বর্ণ ও গহনার বাজারে কিছুটা স্বস্তি ফিরবে।