
মোঃ হাসান ফরাজী(বোরহানউদ্দিন) : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত পথচারী মো. সবুজ (২২) দীর্ঘ ১০ দিন চিকিৎসাধীন থাকার পর আজ মঙ্গলবার (২৩জুন)ঢাকায় মৃত্যুবরণ করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ জুন শনিবার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের রাস্তার মাথা বাজার সংলগ্ন এলাকায় ব্রাজিল সমর্থকদের আয়োজিত গোডাউনে বাবুল (ইসমাইল) (২৬) নামক এক ব্রাজিল সমর্থক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী মো. সবুজকে ধাক্কা দেন। এতে মোটরসাইকেল আরোহী বাবুল ঘটনাস্থলেই নিহত হন এবং গুরুতর আহত হন পথচারী সবুজ।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহত সবুজকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য প্রথমে ভোলা সদর হাসপাতালে, পরে বরিশাল এবং সর্বশেষ ঢাকায় প্রেরণ করেন।
ঢাকা মেডিকেলে দীর্ঘ ১০ দিন চিকিৎসাধীন থাকার পর আজ তিনি মৃত্যুবরণ করেন।
নিহত মো. সবুজ(২২) টবগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মনসুর আলী দালাল বাড়ী মোঃ ইয়াছিন ছেলে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।