
চ্যনেল ভোলা: ঢাকা, ২১ জুন: জাতীয় সংসদে নিজেকে ‘শহীদ মুক্তিযোদ্ধার সন্তান’ দাবি করে দেওয়া বক্তব্যটি ভুল ছিল বলে স্বীকার করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আবদুল মুনতাকিম। রোববার জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ তথ্য জানান।
গত ১৪ জুন বাজেট আলোচনায় অংশ নিয়ে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আবদুল মুনতাকিম দাবি করেছিলেন, তাঁর বাবা ও দাদা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। তবে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী তাঁর জন্ম ১৯৮১ সালে, অর্থাৎ মুক্তিযুদ্ধের প্রায় এক দশক পরে। এছাড়া তাঁর বাবা বর্তমানে জীবিত আছেন বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
রোববার সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে কিশোরগঞ্জ-২ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মো. জালাল উদ্দীন বিষয়টি উত্থাপন করেন। তিনি সংসদে দেওয়া ওই বক্তব্যকে অসত্য উল্লেখ করে তা কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানান।
জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, আবদুল মুনতাকিম তাঁর সঙ্গে সাক্ষাৎ করে জানিয়েছেন যে বক্তব্যটি মুখ ফসকে বেরিয়ে যাওয়া একটি ভুল ছিল। একই সঙ্গে তিনি স্বীকার করেছেন যে তাঁর বাবা জীবিত আছেন।
স্পিকার আরও বলেন, বিষয়টি ‘স্লিপ অব টাং’ বা অনিচ্ছাকৃত ভুল হিসেবে বিবেচিত হয়েছে। তাই সংসদ সদস্যের দেওয়া ওই বক্তব্য জাতীয় সংসদের কার্যবিবরণী থেকে বাদ (এক্সপাঞ্জ) দেওয়া হবে।