
চ্যানেল ভোলা: টালিউডের জনপ্রিয় গায়িকা দেবলীনা নন্দী ও প্রবাহ নন্দীর সংসার ভাঙনের খবর চলতি বছরের শুরুতেই আলোচনায় আসে। তবে এবার সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন এই শিল্পী।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শনিবার (২০ জুন) ফেসবুক লাইভে এসে দেবলীনা নন্দী তার স্বামী প্রবাহ নন্দী এবং শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে নানা অভিযোগ করেন। লাইভে তার দুই আইনজীবীকেও উপস্থিত থাকতে দেখা যায়, যা ঘটনাটিকে আরও বেশি আলোচনায় নিয়ে আসে।
লাইভ চলাকালে দেবলীনা দাবি করেন, প্রবাহ নন্দীর আচরণ ও পারিবারিক পরিস্থিতি নিয়ে তিনি দীর্ঘদিন ধরে উদ্বিগ্ন ছিলেন। এমনকি তিনি প্রশ্ন তোলেন, একজন ব্যক্তি যদি নিজের ব্যক্তিগত জীবন ও পারিবারিক দায়িত্ব সঠিকভাবে সামলাতে না পারেন, তাহলে তিনি কীভাবে পেশাগত জীবনে বড় দায়িত্ব পালন করবেন। প্রবাহের পাইলট পেশার প্রসঙ্গ টেনে তিনি বলেন, একাধিক মানুষের জীবন নিয়ে ফ্লাইট পরিচালনার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সক্ষমতা নিয়েও তার সন্দেহ রয়েছে।
এদিকে দেবলীনার বক্তব্যের জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান তুলে ধরেন প্রবাহ নন্দী। তিনি দাবি করেন, অতীতে তিনি শুধুমাত্র বিশেষ মুহূর্ত কিংবা পেশাগত প্রচারণার প্রয়োজনেই ফেসবুক ব্যবহার করেছেন।
প্রবাহ আরও জানান, চলমান বিরোধের প্রকৃত সত্য আদালতেই প্রমাণিত হবে। একই সঙ্গে তিনি সকলের প্রতি আহ্বান জানান, তাকে ও তার পরিবারকে ব্যক্তিগতভাবে আক্রমণ না করার জন্য। বিশেষ করে তার মাকে নিয়ে কটূক্তি করা হলে তিনি শুধু ব্লক করেই ক্ষান্ত থাকবেন না, প্রয়োজনে আইনি ব্যবস্থাও গ্রহণ করবেন বলে সতর্ক করেন।
সবশেষে তিনি জানান, অতীতের কিছু ভিডিও ধাপে ধাপে ফেসবুক থেকে সরিয়ে ফেলা হবে এবং এ বিষয়ে সবাইকে সংযত ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।