চ্যানেল ভোলা: দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরাতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২০ জুন) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখা পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বেনজীর আহমেদের বিরুদ্ধে থাকা মামলাসহ প্রয়োজনীয় সব কাগজপত্র সংশ্লিষ্ট দেশে পাঠানো হয়েছে। আশা করছি, দেশটির সরকার দ্রুত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে।”
পুলিশ বাহিনীর বর্তমান কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, “মানুষের মধ্যে ধারণা ছিল পুলিশ বাহিনী নিষ্ক্রিয় হয়ে গেছে। কিন্তু বর্তমানে সেই আস্থা ফিরে এসেছে। নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ সদস্যরা অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন। তাদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবেই পুরস্কৃত করা হচ্ছে।”
আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আওয়ামী লীগকে আমরা কোনো রাজনৈতিক দল মনে করি না, এটি একটি মাফিয়া দল। তাদের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।”
তিনি আরও জানান, আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কোনো ধরনের অপতৎপরতা বা নিষিদ্ধ কার্যক্রম পরিচালনার চেষ্টা হলে তা মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।