
চ্যানেল ভোলা: ভোলার পূর্ব ইলিশা ইউনিয়নে মেয়ের সঙ্গে অভিমান করে বিষপান করেছেন মরিয়ম (৪৫) নামে এক নারী। পরে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি
এরআগে, একই দিন দুপুরে মেয়ে ফারজানা বেগমের সঙ্গে কথা কাটাকাটির জেরে বিষপান করেন মা মরিয়ম বেগম। পরে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ভোলা সদর হাসপাতালের দায়িত্বে থাকা পুলিশ সদস্য মো. মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত মরিয়ম পূর্ব ইলিশা ইউনিয়নের চর আনন্দ পার্ট-৩ এলাকার ৬ নম্বর ওয়ার্ডের সেলিম বেপারির স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ফারজানা বেগম কাগজ-কলম কেনার জন্য তার মা মরিয়ম বেগমের কাছে ৫০০ টাকা চান। এরপর টাকা চাওয়াকে কেন্দ্র করে মা-মেয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মেয়ের কথায় কষ্ট পেয়ে অভিমান করে পরিবারের অগোচরে বিষপান করেন মরিয়ম।
পরে সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করেন। এরপর রাত প্রায় ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।