
মো. সবুজ, ভোলা: চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে ভোলার শিবপুর ইউনিয়নকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন চেয়ারম্যান প্রার্থী একে এম নুর হোসেন হাওলাদার।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক উঠান বৈঠকে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
একে এম নুর হোসেন হাওলাদার বলেন, চেয়ারম্যান নির্বাচিত হলে শিবপুর ইউনিয়নে কোনো ধরনের চাঁদাবাজি ও মাদক কারবারের স্থান হবে না। মাদক ও সামাজিক অপরাধের বিরুদ্ধে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে। পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা, ন্যায়বিচার ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কাজ করবেন তিনি।
তিনি আরও বলেন, জনপ্রতিনিধি হওয়ার মূল লক্ষ্য হবে মানুষের সেবা করা। ইউনিয়নের উন্নয়ন, মানুষের সমস্যা সমাধান এবং একটি সুন্দর ও অপরাধমুক্ত সমাজ প্রতিষ্ঠায় তিনি কাজ করতে চান।
উঠান বৈঠকে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।