
এম,জাকির মাতাব্বর, চরফ্যাশন: ভোলার চরফ্যাশনের দুলারহাটে নির্ধারিত সময়ে বিদ্যালয়ে উপস্থিত না থাকার অভিযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক নোটিশে ওই দুই শিক্ষককে আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
শোকজপ্রাপ্ত শিক্ষকরা হলেন, দুলারহাট থানার মুজিবনগর এলাকার ১৮৭ নম্বর ধলাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলাম ও মো. এনামুল এহসান।
নোটিশ সূত্রে জানা গেছে, গত ২৩ নভেম্বর স্থানীয় সাংবাদিকরা তথ্য সংগ্রহের জন্য বিদ্যালয়টিতে গেলে ওই দুই শিক্ষককে অননুমোদিতভাবে অনুপস্থিত দেখতে পান। পরে বিষয়টি লিখিতভাবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট দুই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
এদিকে বিদ্যালয় পরিদর্শনের সময় হাজিরা খাতায় ওই দুই শিক্ষকের অনুপস্থিতির তথ্য পাওয়া যায় বলে জানা গেছে। ওই সময় বিদ্যালয়ে মাত্র পাঁচজন শিক্ষার্থী উপস্থিত ছিল। এছাড়া একজন শিক্ষককে অফিসকক্ষ ঝাড়ু দিতে দেখা গেলেও অন্য শিক্ষকদের উপস্থিতি পাওয়া যায়নি বলে অভিযোগ রয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, সরকারি কর্মচারীদের নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করতে বিধি অনুযায়ী দুই শিক্ষককে শোকজ করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তাঁদের লিখিত জবাব দিতে বলা হয়েছে। জবাব পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।