
চ্যানেল ভোলা: ভোলার দিঘলদী ইউনিয়নের বটতলা বাজার সংলগ্ন এলাকায় এক নারীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে চান মিয়া নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে বটতলা বাজার সংলগ্ন এলাকার একটি কৃষি জমিতে
এক নারীসহ চান মিয়াকে হাতেনাতে আটক করেন স্থানীয় কয়েকজন যুবক। এরপর এঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা।
স্থানীয়দের অভিযোগ, চান মিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গা থেকে নারী এনে অনৈতিক কর্মকান্ড করে এলাকার যুব সমাজকে নষ্ট করছেন। এসময় তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে চান মিয়ার উপযুক্ত বিচারের দাবী জানান।
তবে অভিযোগ অস্বীকার করে চান মিয়া জানান, তিনি পেশায় একজন অটোরিকশা চালক। ওইদিন রাতে বাংলাবাজার থেকে অন্যযাত্রীদের সঙ্গে তার গাড়িতে উঠেন এক নারী। তার গাড়িটি বটতলা বাজার সংলগ্ন এলাকা পৌঁছালে কয়েকজন যুবক ওই নারীসহ তাকে আটক করে কৃষি জমিতে নিয়ে যান।
তিনি অভিযোগ করে আরও বলেন, এসময় ওই যুবকরা জোরপূর্বক ভিডিও ধারণ করে তাকে অনৈতিক কর্মকান্ডের ট্যাগ লাগিয়ে বিভিন্নভাবে হয়রানি ও চাঁদা দাবী করেন। তিনিও এঘটনার বিচারের দাবী জানিয়েছেন।
ঘটনাটি ছড়িয়ে পড়ার পর থেকে এলাকায় নানা আলোচনা চলছে। তবে কী পরিস্থিতিতে ওই যুবককে আটক করা হয়েছে এবং পরবর্তী সময়ে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তার সত্যতা পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি।