
মো. মামুন হাজী, লালমোহন: ভোলার লালমোহনে বসতঘর সংলগ্ন একটি মুদি, বিকাশ ও ভ্যারাইটিজ পণ্যের দোকান এবং পাশের গুদামে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দোকানের ক্যাশবাক্স থেকে নগদ ৬৫ হাজার টাকা চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন দোকানি মো. মাসুদ (৩৫)। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে লালমোহন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মাসুদ বসতঘরের সামনেই মুদি, বিকাশ ও ভ্যারাইটিজ পণ্যের দোকান পরিচালনা করেন। দোকানের পশ্চিম পাশে রয়েছে একটি গুদামঘর। দোকান ও গুদাম—উভয় স্থানেই সিসি ক্যামেরা স্থাপন করা ছিল।
ভুক্তভোগী জানান, গত ১৮ নভেম্বর রাত আনুমানিক ১১টার দিকে প্রতিদিনের মতো দোকানের বেচাকেনা শেষে সামনের দুটি শাটারে তালা লাগিয়ে তিনি বসতঘরে ঘুমাতে যান। পরদিন ১৯ নভেম্বর ভোর ৬টার দিকে ঘুম থেকে উঠে দোকানে যাওয়ার চেষ্টা করলে ঘরের ভেতর থেকে দোকানে যাওয়ার দরজাটি আটকানো দেখতে পান।
পরে বসতঘরের বাইরে দিয়ে দোকানের সামনে গিয়ে দেখেন, শাটারের দুটি তালা ভাঙা এবং দোকানের পশ্চিম পাশের বেড়ার টিন কাটা। তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। পরে তাঁদের উপস্থিতিতে দোকানে ঢুকে ক্যাশবাক্স খোলা অবস্থায় দেখতে পান। ক্যাশবাক্সে থাকা আনুমানিক ৫ হাজার টাকা এবং পাশে র্যাগে রাখা আরও ৬০ হাজার টাকা পাওয়া যায়নি।
অভিযোগে বলা হয়, রাত ১১টা থেকে ভোর ৬টার মধ্যে কোনো একসময় অজ্ঞাত চোরেরা পশ্চিম পাশের বেড়ার টিন খুলে গুদামঘরে প্রবেশ করে। সেখান থেকে সিসি ক্যামেরা খুলে ফেলে এবং গুদাম থেকে দোকানে প্রবেশের দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে নগদ টাকা নিয়ে যায়। এ সময় দোকানের ভেতরের সিসি ক্যামেরা সচল ছিল বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মাসুদ। চুরির ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।