
মো. সবুজ, ভোলা: ভোলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১০ পিস রয়্যাল স্ট্যাগ হুইস্কিসহ মো. সেলিম (২৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিন জোনের সদস্যরা । জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৮৫ হাজার টাকা।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টার দিকে ভোলা সদর উপজেলার ইলিশার মাঝের চর সংলগ্ন মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করে কোস্টগার্ডের সদস্যরা।
দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মেঘনা নদীপথে মাদকের একটি বড় চালান ভোলায় প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে ওই এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়। পরে সন্দেহজনক একটি স্পিডবোটে তল্লাশি চালিয়ে ৩১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১০ পিস রয়্যাল স্ট্যাগ হুইস্কিসহ সেলিমকে আটক করা হয়।
আটক সেলিম কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামের রমেজ আলীর ছেলে।
পরে জব্দ করা মাদকদ্রব্য ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।