
সৈয়দ ইউনুছ, তজুমদ্দিন: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন আলহাজ্ব মামুন অর-রশিদ পাটোয়ারী। তিনি সাবেক ছাত্রদল নেতা ও ঢাকাস্থ তজুমদ্দিন জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন তিনি। এলাকার মানুষের পাশে থাকার পাশাপাশি শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক উন্নয়নমূলক কাজেও তাঁর অংশগ্রহণ রয়েছে।
চেয়ারম্যান নির্বাচিত হলে শম্ভুপুর ইউনিয়নকে আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন মামুন অর-রশিদ। যোগাযোগব্যবস্থার উন্নয়ন, নাগরিক সেবা সহজীকরণ, তরুণদের কর্মসংস্থান এবং মাদকমুক্ত সমাজ গঠনকে অগ্রাধিকার দিতে চান তিনি।
নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের দিকনির্দেশনা ও দলের শৃঙ্খলা মেনে শম্ভুপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান তিনি।
মামুন অর-রশিদ আরও বলেন, এলাকার মানুষের সমর্থন ও আস্থা পেলে সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে ইউনিয়নের উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবেন।
এদিকে নির্বাচনকে ঘিরে শম্ভুপুর ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা বাড়ছে। শেষ পর্যন্ত কারা নির্বাচনী মাঠে থাকছেন, তা জানতে অপেক্ষায় রয়েছেন স্থানীয় ভোটাররা।