
নিজস্ব প্রতিনিধি: ‘শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক শিশু দিবস-২০২৬ উপলক্ষে দ্বীপজেলা ভোলার ভেলুমিয়ায় শিশুদের নিয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থা।
শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ২ নং ওয়ার্ডের কুঞ্জপট্টি, জয়তুনি ভিলায় অবস্থিত মোমিনা খাতুন ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থার সদস্য মো. তামিম। সঞ্চালকের বক্তব্যে তিনি বলেন, “শিশুরাই আমাদের আগামীর স্বপ্ন ও সম্ভাবনার প্রতিচ্ছবি। তাদের অধিকার, শিক্ষা, নিরাপত্তা ও সুন্দর শৈশব নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত দায়িত্ব রয়েছে। শিশুদের ভালোবাসা ও যত্নের সঙ্গে গড়ে তুলতে পারলেই আমরা একটি মানবিক ও সুন্দর সমাজ নির্মাণ করতে পারব।”
অনুষ্ঠানে শিশুদের অধিকার, নিরাপদ শৈশব, সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থার সভাপতি আমেনা খানম বলেন, শিশুরাই আগামীর সমাজ ও রাষ্ট্রের নির্মাতা। তাদের নিষ্পাপ হাসির আড়ালেই লুকিয়ে থাকে আগামী দিনের সম্ভাবনার আলো। তাই প্রতিটি শিশুর কথা মনোযোগ দিয়ে শোনা, তাদের স্বপ্নকে সম্মান করা এবং সুরক্ষিত ও সুন্দর শৈশব নিশ্চিত করা সমাজের সবার দায়িত্ব।
আলোচনা সভায় শিশুদের উৎসাহিত করতে বিভিন্ন বিষয়ে তাদের অংশগ্রহণ ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ পুরস্কার বিতরণ করা হয়। এ সময় শিশুদের মাঝে আনন্দ ও উৎসবের আবহ তৈরি হয়।
আয়োজক মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. মাকসুদুর রহমান মুঠোফোনে গণমাধ্যমকে জানান, শিশুর প্রতি ভালোবাসা, যত্ন ও দায়িত্ববোধ থেকেই গড়ে উঠবে মানবিক ও বৈষম্যহীন সমাজ। আজকের শিশুর হাত ধরেই নির্মিত হবে আগামী দিনের সুন্দর বাংলাদেশ—এই প্রত্যাশায় শিশুদের অধিকার ও মর্যাদা রক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো তিনি।
অনুষ্ঠানের মাধ্যমে শিশুদের মনে স্বপ্ন দেখার সাহস, ভালো মানুষ হওয়ার প্রেরণা এবং সমাজের প্রতি দায়িত্বশীলতার বোধ জাগ্রত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থার সদস্যবৃন্দ, মাদ্রাসার শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীদের অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।