
এইচ এম নোমান,চরফ্যাশন: রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে নিখোঁজ হয়েছেন ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণের রসুলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইয়াছিন ফরাজি। তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন। নিখোঁজের আট দিন পেরিয়ে গেলেও তাঁর কোনো সন্ধান না পাওয়ায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবার। প্রিয়জনকে ফিরে পেতে সবার সহযোগিতা কামনা করেছেন স্বজনরা।
পরিবার সূত্রে জানা যায়, ইয়াছিন ফরাজী দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য প্রায় এক মাস আগে তাঁকে ঢাকায় নেওয়া হয়। সেখানে যাত্রাবাড়ীর কাজলা এলাকার বউবাজারে মেয়ের বাসায় রেখে তাঁর চিকিৎসা চলছিল।
প্রতিদিন সকাল ও বিকেলে বাসার সামনের একটি দোকানে চা পান করতে যেতেন তিনি। চা পান শেষে নির্দিষ্ট সময়ের মধ্যেই বাসায় ফিরে আসতেন। তবে গত ১২ নভেম্বর সকাল ১০টার দিকে বাসা থেকে বের হয়ে বউবাজার এলাকা থেকে নিখোঁজ হন তিনি। এরপর আর বাসায় ফিরে আসেননি।
পরিবারের সদস্যরা জানান, নিখোঁজ হওয়ার পর থেকেই আত্মীয়স্বজন ও পরিচিতজনদের সহযোগিতায় ঢাকার বিভিন্ন এলাকায় তাঁকে খোঁজাখুঁজি করা হচ্ছে। কিন্তু আট দিন পার হলেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে পরিবারের সদস্যরা চরম দুশ্চিন্তায় রয়েছেন।
নিখোঁজ হওয়ার সময় ইয়াছিন ফরাজীর পরনে ছিল লুঙ্গি এবং গায়ে ছিল জলপাই রঙের পাঞ্জাবি। তাঁর শারীরিক ও মানসিক অসুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত সন্ধান পেতে সবার সহযোগিতা চেয়েছে পরিবার।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো হৃদয়বান ব্যক্তি তাঁকে কোথাও দেখে থাকলে কিংবা তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ:-
০১৭১৪-৭০০৯৫
০১৮১৩-৬৪৮৯৭১
প্রিয়জনের অপেক্ষায় থাকা অসহায় পরিবারটি ইয়াছিন ফরাজীকে সুস্থ অবস্থায় ফিরে পেতে সবার সহযোগিতা কামনা করেছে। তাঁকে খুঁজে পেতে সংবাদটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ জানিয়েছেন স্বজনরা।