
মো. সবুজ, ভোলা: ‘আমি চেয়ারম্যান হলে শিবপুরের মানুষ শান্তিতে ঘুমাতে পারবে। এলাকার মানুষের নিরাপত্তা, শান্তি ও উন্নয়ন নিশ্চিত করতে কাজ করব।’ এমন প্রত্যয় ব্যক্ত করেছেন ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাইনুদ্দিন মাস্টার।
বুধবার (১৮ নভেম্বর) শিবপুর ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত এক উঠান বৈঠকে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
উঠান বৈঠকে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়কালে মাইনুদ্দিন মাস্টার বলেন, শিবপুর ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের সমস্যা সমাধান, রাস্তাঘাটের উন্নয়ন, মাদক ও সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাকে তিনি অগ্রাধিকার দেবেন। পাশাপাশি ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন।
তিনি আরও বলেন, জনপ্রতিনিধি হওয়ার লক্ষ্য ক্ষমতা ভোগ করা নয়, বরং জনগণের সেবক হিসেবে কাজ করা। মানুষের বিপদে-আপদে পাশে থাকা এবং সবার জন্য একটি নিরাপদ ও সুন্দর শিবপুর গড়ে তুলতে চান তিনি।
বৈঠকে স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও উন্নয়ন ভাবনা তুলে ধরেন। এ সময় মাইনুদ্দিন মাস্টার তাদের কথা শোনেন এবং জনগণের সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, মাইনুদ্দিন মাস্টার শিবপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকার ভোটারদের সঙ্গে গণসংযোগ ও উঠান বৈঠক করছেন।