
এইচ এ শরীফ, বোরহানউদ্দিন: ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সাচড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন মোল্লা। একই সঙ্গে নিজের বিরুদ্ধে চর এলাকার জমি দখল এবং সরকারি বিভিন্ন ভাতা বিক্রির অভিযোগও অস্বীকার করেছেন তিনি।
শনিবার (১৪ নভেম্বর) বোরহানউদ্দিনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মহিউদ্দিন মোল্লা বলেন, গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমকে জড়িয়ে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। পাশাপাশি তাঁকেও সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে।
তিনি বলেন, বোরহানউদ্দিন উপজেলার চর শামসুদ্দিন ও চর রামকানাইয়ের জমি নিয়ে কালু গংসহ কয়েকজন ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে তাঁর বিরুদ্ধে চর এলাকার জমি দখলের অভিযোগ তুলেছেন। একই সঙ্গে ইউনিয়ন পরিষদের জেলে ভাতা, ভিজিডি, বয়স্ক ভাতা ও বিধবা ভাতাসহ বিভিন্ন সরকারি সুবিধা বিক্রির অভিযোগও করা হয়েছে। এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি।
চর শামসুদ্দিন ও চর রামকানাইসংলগ্ন গঙ্গাপুর ও সাচড়া ইউনিয়নের সীমানা নির্ধারণ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল উল্লেখ করে মহিউদ্দিন মোল্লা বলেন, এ বিষয়ে উভয় পক্ষ সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের কাছে গেলে তিনি উপজেলা প্রশাসন ও সহকারী কমিশনার (ভূমি)-কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে সহকারী কমিশনার (ভূমি) উভয় পক্ষকে নিয়ে সরেজমিনে সীমানা নির্ধারণ করেন।
তিনি আরও বলেন, পরবর্তীতে কালু গং ওই চরে ৬৬৯ একর জমির মালিকানা বা দাবি তুলে ধরেন। তবে সেখানে আদৌ ৬৬৯ একর জমি রয়েছে কি না, তা নিরপেক্ষভাবে তদন্ত করে দেখার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।
সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যের প্রতিবাদ জানিয়ে মহিউদ্দিন মোল্লা বলেন, কোনো তথ্য যাচাই-বাছাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচারণাকে সংবাদ হিসেবে প্রকাশ করা উচিত নয়। প্রকৃত ঘটনা অনুসন্ধান করে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের অনুরোধ জানান তিনি।
সংবাদ সম্মেলনে নিজের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ এবং চর এলাকার জমি নিয়ে বিরোধের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানান সাচড়া ইউনিয়ন বিএনপির এই নেতা।