
এইচ এম নোমান, চরফ্যাশন: ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ বাজার ঘর মালিক ও ব্যবসায়ী কমিটির নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মো. ইমাম হোসেন রিপন এবং সাধারণ সম্পাদক পদে মো. জাহিদুর রহমান হাওলাদার নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) দিনব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ১১টি পদে মোট ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। দীর্ঘদিন পর এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় বাজারজুড়ে বিরাজ করে উৎসবের আমেজ। ঘর মালিক ও ব্যবসায়ীদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
ভোটগ্রহণ শেষে রাত ১০টার দিকে নির্বাচনের রিটার্নিং অফিসার হুমায়ুন কবির ও প্রিজাইডিং অফিসার মো. আলমগীর আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে সভাপতি পদে মো. ইমাম হোসেন রিপন মেম্বার, সহসভাপতি পদে শাহজাহান হাওলাদার, সাধারণ সম্পাদক পদে মো. জাহিদুর রহমান হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. সেলিম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক পদে মো. বাছেদ মৃধা, কোষাধ্যক্ষ পদে মো. ইব্রাহিম খান, দপ্তর সম্পাদক পদে মো. ইব্রাহিম খলিফা এবং প্রচার সম্পাদক পদে মো. সবুজ শনি নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া ১ নম্বর ওয়ার্ডের সদস্য পদে মো. হেলাল, মো. রফিক সরদার ও খালেদ বাপ্পী; ২ নম্বর ওয়ার্ডে মো. সুমন চৌকিদার, আক্তার খান ও শাহে আলম এবং ৩ নম্বর ওয়ার্ডে মো. আলামিন, নূর সোলাইমান শাহ খন্দকার ও সুমন সিকদার নির্বাচিত হয়েছেন।
নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা ভোটারদের সমর্থন আদায়ে বিভিন্নভাবে প্রচার-প্রচারণা চালান। শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন বাজারের ঘর মালিক ও ব্যবসায়ীরা।
নির্বাচনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব পাওয়ায় বাজারের ব্যবসায়ী ও ঘর মালিকদের মধ্যে নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছে। নবনির্বাচিত কমিটি ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা এবং বাজারের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, শান্তিপূর্ণ, সুন্দর ও গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দেওয়ায় নির্বাচন পরিচালনা কমিটি, প্রশাসন, রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসারসহ বাজারের সকল ঘর মালিক ও ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাচ্ছেন তাঁরা। একই সঙ্গে নতুন কমিটির কার্যক্রম পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন।