
মো. সবুজ: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শান্তির হাট বাজারে গণসংযোগ করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী আলাউদ্দিন সাজি। এ সময় তিনি স্থানীয় ভোটার ও ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরেন
রোববার (১৫ নভেম্বর) বিকেলে শান্তির হাট বাজার এলাকায় গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। স্থানীয় বাসিন্দাদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় করেন।
গণসংযোগকালে আলাউদ্দিন সাজি বলেন, তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে রাজাপুর ইউনিয়নের রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, সাধারণ মানুষের নাগরিক সুবিধা নিশ্চিতকরণ এবং এলাকার অবকাঠামোগত উন্নয়নে অগ্রাধিকার দেবেন। পাশাপাশি মাদক ও সামাজিক অপরাধমুক্ত সমাজ গঠনে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন।
তিনি আরও বলেন, জনপ্রতিনিধি হওয়ার উদ্দেশ্য ক্ষমতা ভোগ করা নয়, বরং জনগণের সেবা করা। এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে রাজাপুর ইউনিয়নকে একটি উন্নত ও সুন্দর ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান তিনি।
এ সময় স্থানীয় ভোটার ও ব্যবসায়ীরা এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তাঁর কাছে তুলে ধরেন। আলাউদ্দিন সাজি সবার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
গণসংযোগকালে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরাও উপস্থিত ছিলেন।