
শিহাব আহমেদ, চরফ্যাশন: ভোলার চরফ্যাশনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হওয়ার স্বপ্ন নিয়ে সরকারি চাকরি ছেড়েছেন বেগম রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন মাসুম।
তিনি শশীভূষণ থানাধীন এওয়াজপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাঁর প্রার্থিতা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
দীর্ঘদিন শিক্ষকতা পেশায় দায়িত্ব পালনের পাশাপাশি জনপ্রতিনিধি হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। এবার সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন করে ইউনিয়নের মানুষের পাশে দাঁড়াতে চান সিরাজ উদ্দিন মাসুম।
স্থানীয়দের প্রত্যাশা, একজন অভিজ্ঞ শিক্ষক ও সাবেক জনপ্রতিনিধি হিসেবে তিনি নির্বাচিত হলে এলাকার শিক্ষা, যোগাযোগব্যবস্থা, স্বাস্থ্যসেবা এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন।