
শিহাব আহমেদ, চরফ্যাশন: “গড়ব সমবায়, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার চরফ্যাশনে উদযাপিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস।
রবিবার (৯ নভেম্বর) সকাল ১১টার দিকে চরফ্যাশন উপজেলা পরিষদ ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সমবায় আন্দোলনের গুরুত্ব ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আফরোজসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং স্বাবলম্বী সমাজ গঠনে সমবায় আন্দোলনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমবায়ের সদস্যরা নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নয়নের পাশাপাশি জাতীয় উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।