
মো. মামুন হাজী, লালমোহন: ভোলার লালমোহনে পৃথক অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) উপজেলার ধলিগৌরনগর ইউনিয়ন ও লালমোহন পৌর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারের দিকনির্দেশনা এবং লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলামের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) শ্রী দেবরাজ চক্রবর্তী, এএসআই (নিরস্ত্র) আল আমিন, মঙ্গল সিকদার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. জুয়েল ও এএসআই মো. মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান।
অভিযানে ধলিগৌরনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাঠির মাথা বাজারসংলগ্ন পাকা রাস্তা থেকে ৫০ গ্রাম গাঁজাসহ মো. রিয়াজ (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই এলাকার মো. সিরাজের ছেলে। অন্যদিকে, লালমোহন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নওয়াব আলী মুন্সি বাড়ি রোড এলাকা থেকে ১২ পিস ইয়াবাসহ মো. রাকিব হোসেন (২৩) নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মো. হুমায়ুনের ছেলে।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিত অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে লালমোহন থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।