
শিহাব আহমেদ, চরফ্যাশন: একটি সুন্দর ভবন, নিরাপদ শ্রেণিকক্ষ আর মনোরম পরিবেশে পড়াশোনা—এমন স্বপ্ন প্রতিটি শিক্ষার্থীর। কিন্তু সেই স্বপ্ন পূরণে প্রতিনিয়ত বাধার মুখে পড়ছে ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃষ্টি হলেই শ্রেণিকক্ষের টিনের চাল দিয়ে পানি পড়ে ভিজে যায় বই-খাতা। ব্যাহত হয় পাঠদান, তৈরি হয় পড়াশোনার অনুপযোগী পরিবেশ।
ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান বাজারসংলগ্ন এলাকায় অবস্থিত বিদ্যালয়টি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর দীর্ঘ দুই যুগের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো বিদ্যালয়টি পায়নি একটি আধুনিক ও নিরাপদ ভবন। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বর্তমানে এর অবকাঠামো জরাজীর্ণ হয়ে পড়েছে।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, বৃষ্টি শুরু হলেই টিনের চাল দিয়ে শ্রেণিকক্ষে পানি পড়তে থাকে। এতে বই-খাতা ও শিক্ষা উপকরণ ভিজে যাওয়ার আশঙ্কা থাকে। বৃষ্টির সময় স্বাভাবিকভাবে ক্লাস করাও কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে নিরাপদ ও সুন্দর পরিবেশে পড়াশোনার স্বপ্ন যেন প্রতিনিয়ত বাধাগ্রস্ত হচ্ছে তাদের।
শুধু শিক্ষার্থীরাই নয়, বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদেরও প্রতিনিয়ত নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। শিক্ষকদের ভাষ্য, বৃষ্টির সময় শ্রেণিকক্ষে পানি পড়ায় স্বাভাবিক পাঠদান ব্যাহত হয়। দীর্ঘদিনের পুরোনো ও জরাজীর্ণ অবকাঠামো বিদ্যালয়ের শিক্ষার পরিবেশের জন্য বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে।
এ বিষয়ে একাধিকবার শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো সমাধান পাওয়া যায়নি বলে অভিযোগ শিক্ষকদের।
একটি বিদ্যালয় শুধু পাঠদানের স্থান নয়, এটি একটি প্রজন্মের ভবিষ্যৎ গড়ার অন্যতম ভিত্তি। অথচ নিরাপদ শ্রেণিকক্ষের অভাবে শিক্ষার্থীদের প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে। এমন পরিস্থিতিতে বিদ্যালয়টির অবকাঠামোগত উন্নয়ন ও নতুন ভবন নির্মাণ এখন সময়ের দাবি।
শিক্ষার্থীদের নির্বিঘ্নে পড়াশোনার পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেবে—এমন প্রত্যাশা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের।