
এইচ এ শরীফ, বোরহানউদ্দিন: ভোলার বোরহানউদ্দিনে সুপারি রোদে দেওয়াকে কেন্দ্র করে এক হিন্দু পরিবারের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ একই পরিবারের তিনজন আহত হয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কুতুবা ইউনিয়নের দক্ষিণ কুতুবা গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী বাবুল চন্দ্র দে জানান, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে প্রতিবেশী বিশ্বজিৎ চন্দ্র দে ও তাঁর পরিবারের সঙ্গে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে তাঁর স্ত্রী বাড়ির আঙ্গিনায় সুপারি রোদে দিতে গেলে প্রতিপক্ষের লোকজন বাধা দেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায় প্রতিপক্ষরা লাঠিসোটা নিয়ে তাঁদের ওপর হামলা চালায়।
এতে বাবুল চন্দ্র দে, তাঁর স্ত্রীসহ পরিবারের তিনজন আহত হন। এ সময় হামলাকারীরা তাঁদের বসতঘরে ঢুকে দরজা-জানালা ও টিনের বেড়া ভাঙচুর করেন। পাশাপাশি ঘরের দামী জিনিসপত্রের ক্ষতি করেছেন বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাঁদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে অভিযুক্ত পক্ষের পরিবারের দাবি, সুপারি রোদে দেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি থেকে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের লোকজনই আহত হয়েছেন।
এ ঘটনায় বাবুল চন্দ্র দে বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাব আলী জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।