
ইব্রাহিম আকতার আকাশ: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ভোলার ছাত্রদল নেতা মহসিন সবুজ। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভোলা থেকে তাকে ঢাকায় রেফার করেন চিকিৎসকরা। বর্তমানে তিনি ঢাকার মহাখালীতে অবস্থিত ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৯ অক্টোবর প্রথম জ্বরে আক্রান্ত হন মহসিন সবুজ। পরে ৩১ অক্টোবর ভোলায় একজন মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শে ডেঙ্গু পরীক্ষা করালে তার রিপোর্ট পজিটিভ আসে। এরপর ৩ নভেম্বর পর্যন্ত ভোলায় চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে চিকিৎসক ইফরান মাহমুদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।
জানা গেছে, ভোলা থেকে ঢাকায় নেওয়ার সময় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। ডেঙ্গু পজিটিভ হওয়ার পাশাপাশি বর্তমানে তার রক্তে পটাশিয়ামের মাত্রা বেড়ে গেছে, হৃদস্পন্দন কমে গেছে এবং রক্তচাপও নিম্ন রয়েছে। এসব জটিলতার প্রাথমিক চিকিৎসা চলছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
মহসিন সবুজ ভোলা জেলা ছাত্রদলের শিক্ষা বিষয়ক সম্পাদক (প্রস্তাবিত) হিসেবে পরিচিত। পাশাপাশি তিনি গুলশান থানা বিএনপির রাজনীতির সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
এদিকে, অসুস্থ মহসিন সবুজের দ্রুত সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চাওয়া হয়েছে।