
মো. সবুজ, ভোলা: ভোলার চরফ্যাশনে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও ক্ষতিকর রং ব্যবহারের দায়ে তামিম বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৪ নভেম্বর) চরফ্যাশন পৌরসভার উদ্যোগে খাদ্যপন্যে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করেন অভিযান পরিচালনা করেন চরফ্যাশন পৌরসভার প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ।
অভিযানে বেকারিটিতে বিভিন্ন অনিয়মের চিত্র উঠে আসে। অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও বিভিন্ন পণ্যে মানবদেহের জন্য ক্ষতিকর রং ব্যবহার করা হচ্ছে।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মাকসুদুর রহমানকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানকালে প্রশাসনের পক্ষ থেকে আগামী সাত দিনের মধ্যে বেকারির সার্বিক পরিবেশ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার নির্দেশ দেন। অন্যথায় প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়ার হুঁশিয়ারি দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ বলেন, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন ও ক্ষতিকর রং মেশানোর দায়ের তামিম বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্য উৎপাদন ও বিক্রির ক্ষেত্রে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে হবে।