
মেহেদী হাসান, মনপুরা: তিন পাশে মেঘনা নদী, অন্য পাশে বঙ্গোপসাগর। নদী ও সাগরবেষ্টিত দ্বীপ উপজেলা ভোলার মনপুরার বিস্তীর্ণ চরাঞ্চলে রয়েছে বনভূমি ও নানা প্রজাতির বন্যপ্রাণীর আবাসস্থল। এসব বনে হরিণ, বানরসহ বিভিন্ন বন্যপ্রাণীর বসবাস। তবে বন বিভাগের যথাযথ তদারকি ও নজরদারির অভাবে বনভূমি ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয়দের অভিযোগ, মনপুরা রেঞ্জের কর্মকর্তা মো. আবুল কাসেম দায়িত্ব গ্রহণের পর থেকে নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকছেন না। অধিকাংশ সময় তিনি নিজ এলাকা লালমোহনে অবস্থান করেন। এতে বনভূমি সংরক্ষণ ও বন্যপ্রাণী শিকার প্রতিরোধ কার্যক্রম ব্যাহত হচ্ছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সরেজমিনে মনপুরা উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে গিয়ে দেখা যায়, অফিসে তালা ঝুলছে। এ সময় কর্মকর্তা কিংবা দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মচারীকে পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর মনপুরা রেঞ্জের দায়িত্ব গ্রহণ করেন আবুল কাসেম। অভিযোগ রয়েছে, দায়িত্ব নেওয়ার পর হাতে গোনা কয়েক দিন অফিস করলেও অধিকাংশ সময় তিনি কর্মস্থলের বাইরে অবস্থান করছেন। সর্বশেষ গত ২৬ অক্টোবর কর্মস্থলে এসে ২৮ অক্টোবর চলে যান। স্থানীয়দের দাবি, পুরো মাসে মাত্র দুই দিন তাঁকে কর্মস্থলে দেখা গেছে।
রেঞ্জ অফিসের পাশের বাসিন্দা রায়হান মাঝি বলেন, ‘আমার বাড়ি রেঞ্জ অফিসের পাশেই। কিন্তু নতুন রেঞ্জ কর্মকর্তা দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত তাঁকে একদিনও দেখতে পাইনি।’
স্থানীয় বাসিন্দা শাখাওয়াত বলেন, ‘আমি এখানকার বাসিন্দা। অথচ এখন পর্যন্ত রেঞ্জ কর্মকর্তাকে চোখে দেখিনি। একজন রেঞ্জ কর্মকর্তার নিয়মিত উপস্থিতি ও তদারকির ওপরই বনভূমি রক্ষার বিষয়টি অনেকাংশে নির্ভর করে।’
আরেক বাসিন্দা মাকসুদ বলেন, ‘মনপুরার চারপাশে অসংখ্য চরে প্রচুর বন্যপ্রাণী রয়েছে। বন বিভাগের যথাযথ নজরদারি না থাকায় অসাধু শিকারিরা এসব প্রাণী শিকার করছে। আমরা চাই, রেঞ্জ কর্মকর্তা নিয়মিত কর্মস্থলে থেকে চরগুলো তদারকি করবেন এবং বন্যপ্রাণী শিকার ও বনভূমি ধ্বংসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।’
স্থানীয়দের দাবি, হাজিরহাট বিটের আওতাধীন বদনার চরে অসংখ্য চিত্রা হরিণের বিচরণ রয়েছে। যথাযথ তদারকি না থাকায় শিকারিদের হাতে হরিণ মারা পড়ছে। এভাবে চলতে থাকলে একসময় মনপুরা থেকে হরিণ বিলুপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
তবে কর্মস্থলে অনিয়মিত থাকার অভিযোগের বিষয়ে মনপুরা রেঞ্জ কর্মকর্তা মো. আবুল কাসেম বলেন, ‘মনপুরা হাজিরহাট বিটের একটি নার্সারি চরফ্যাশনের বেতুয়ায় করা হয়েছে। ওই নার্সারিতে বর্তমানে আগাছা পরিষ্কারের কাজ করাচ্ছি। এ কারণে নিয়মিত মনপুরা রেঞ্জে অবস্থান করতে পারছি না।’
এ বিষয়ে বক্তব্য জানতে ভোলা জেলার বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. আরিফুল হকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
মনপুরার বনভূমি ও জীববৈচিত্র্য রক্ষায় রেঞ্জ কর্মকর্তার নিয়মিত কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করা, চরাঞ্চলে নজরদারি বাড়ানো এবং বন্যপ্রাণী শিকার বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।