
মো. জাকির হোসেন, চরফ্যাশন: ভোলার চরফ্যাশনে ৩৩টি ইটভাটার মধ্যে ১৭টিই প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছে। এসব ইটভাটার কারণে পরিবেশদূষণ, কৃষিজমির ক্ষতি ও জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছে। পাশাপাশি বেড়িবাঁধের ঢাল ও নদীতীরের মাটি কেটে ইট তৈরির অভিযোগে উপকূলীয় এলাকার নিরাপত্তা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চরফ্যাশন সদর, দুলারহাট, শশীভূষণ ও দক্ষিণ আইচা এলাকায় ৩৩টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ১৬টির বৈধ কাগজপত্র থাকলেও বাকি ১৭টির প্রয়োজনীয় অনুমোদন নেই। কয়েকটি ভাটায় ড্রাম চিমনি ব্যবহার ও জ্বালানি হিসেবে কাঠ পোড়ানোর অভিযোগও রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বেতুয়া ও সামরাজ এলাকায় বেড়িবাঁধের ঢাল এবং নদীতীর থেকে ড্রেজার দিয়ে মাটি কেটে ইটভাটায় ব্যবহার করা হচ্ছে। এতে বাঁধের সুরক্ষাব্যবস্থা দুর্বল হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে, বেতুয়া প্রশান্তি পার্কের প্রবেশমুখে অন্তত ছয়টি ইটভাটা থাকায় পর্যটন এলাকার পরিবেশ ও সৌন্দর্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।
দক্ষিণ আইচা এলাকার কৃষক রাজিব শিকদার বলেন, ইটভাটার ধোঁয়া ও ছাইয়ের কারণে তাঁর প্রায় দুই একর জমির রবি শস্যের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে। দুলারহাটের বাসিন্দা মনির জমাদারও বাড়ির পাশে ইটভাটায় কাঠ পোড়ানো ও ধোঁয়ায় পরিবারের সদস্যদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
পর্যটক মেহরুন নিছা চমক বলেন, বেতুয়া প্রশান্তি পার্কের প্রবেশপথে ধোঁয়া, ধুলাবালি ও ভারী যানবাহনের চলাচল পর্যটকদের ভোগান্তি বাড়াচ্ছে। পর্যটনকেন্দ্রটির পরিবেশ রক্ষায় দ্রুত উদ্যোগ নেওয়া প্রয়োজন।
চরফ্যাশন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশ্রাফুর রহমান সুমন বলেন, ইটভাটার ধোঁয়া ও ধুলাবালির দীর্ঘমেয়াদি সংস্পর্শ শ্বাসতন্ত্রের সমস্যার ঝুঁকি বাড়াতে পারে। বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য এটি উদ্বেগের বিষয়।
অনুমোদনহীন তালিকায় থাকা তেঁতুলিয়া ব্রিকসের মালিক মো. মোশারেফ বলেন, প্রয়োজনীয় অনুমোদনের জন্য আবেদন করেছেন, তবে এখনো অনুমোদন পাননি। প্রতিবছর অভিযানের সময় জরিমানাও দিতে হয়।
ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলা বলেন, অনুমোদনহীন ইটভাটাগুলোর বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। পরিবেশবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ বলেন, ইটভাটাগুলোর কার্যক্রম প্রশাসনের নজরদারিতে রয়েছে। পরিবেশ আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের দাবি, শুধু জরিমানা নয়, অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ, বেড়িবাঁধের মাটি কাটা প্রতিরোধ এবং কৃষিজমি ও পর্যটন এলাকার পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।