
মেহেদী হাসান, মনপুরা: ভোলার মনপুরায় অসহায় মানুষের জন্য বরাদ্দ করা সরকারি চাল বিক্রির অভিযোগ উঠেছে ২ নম্বর হাজিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. আবদুল খালেক সেলিম মোল্লার বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাজারসংলগ্ন একটি বসতঘর থেকে এক টন বস্তাভর্তি চাল উদ্ধারের খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চৌধুরী বাজারের ব্যবসায়ী জামালের বসতঘরে চালগুলো রাখা ছিল। ব্যবসায়ী জামালের দাবি, সেলিম মোল্লার কাছ থেকে ২৭ হাজার টাকায় তিনি এক টন চাল কিনেছেন। তবে এ ক্রয়ের কোনো রসিদ তাঁর কাছে নেই।
উপজেলা খাদ্য গুদামের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাসেল জানান, পূজার জন্য বরাদ্দ করা চাল সেলিম মোল্লা কিনেছেন এবং বৃহস্পতিবার সকালে নিয়ে গেছেন। তবে তিনি সরকারি চালের কোনো ডিলার নন বলে জানান ওই কর্মকর্তা।
এদিকে, এ ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ না করতে সাংবাদিকদের অর্থ দেওয়ার প্রস্তাব এবং ফোন করে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। সেলিম মোল্লার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর ভাই ও উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন আহমেদ মোল্লার বিরুদ্ধেও সাংবাদিকদের ফোন দেওয়ার অভিযোগ উঠেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবিব জানান, পূজার জন্য বরাদ্দ করা চাল সেলিম মোল্লা কিনেছেন এবং তা বিক্রি করা হয়েছে।
তবে চাল কেনাবেচার বৈধতা ও উদ্ধার হওয়া চালের প্রকৃত উৎস সম্পর্কে বিস্তারিত যাচাই প্রয়োজন। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত দাবি করেছেন সচেতন মহল।