
এইচ এ শরীফ/ এইচ এম নোমান: ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে লগি-বইঠা দিয়ে হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং জড়িতদের বিচারের দাবিতে ভোলার বোরহানউদ্দিন ও চরফ্যাশনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে পৃথকভাবে আয়োজিত কর্মসূচিতে বোরহানউদ্দিনে উত্তর বাসস্ট্যান্ড থেকে এবং চরফ্যাশনে কেন্দ্রীয় খাসমহল মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল দুটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বোরহানউদ্দিন উপজেলা জামায়াতের আমির মাওলানা মাকসুদুর রহমান বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর তাঁদের নেতাকর্মীদের হত্যার পর লাশের ওপর নৃত্য করা হয়েছিল। ওই ঘটনার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে কোনো ছাড় দেওয়া হবে না।
চরফ্যাশনের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর ভোলা জেলা সেক্রেটারি কাজী মাওলানা হারুন অর রশিদ বলেন, ২৮ অক্টোবরের ঘটনায় তাঁদের ছয়জন নেতাকর্মী নিহত হন। ওই হত্যাকাণ্ডে শেখ হাসিনাসহ জড়িতদের বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে।
সমাবেশে সভাপতির বক্তব্যে চরফ্যাশন উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মীর শরীফ হোসেন বলেন, ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। দেশে আর খুন, হত্যা ও চাঁদাবাজির রাজনীতি চলতে দেওয়া হবে না।
কর্মসূচি থেকে বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের শনাক্ত এবং দ্রুত বিচারের দাবি জানান।