
পিএইচপিতে নতুন একটি নিরাপত্তাত্রুটি শনাক্ত হওয়ায় দেশের সরকারি ও বেসরকারি পাঁচ শতাধিক প্রতিষ্ঠানের ওয়েবসাইট ঝুঁকিতে পড়েছে। সরকারের সাইবার নিরাপত্তাসংশ্লিষ্ট সংস্থা বিজিডি ই-গভ সার্ট নতুন এই ত্রুটি নিয়ে সতর্ক করেছে ।
সংস্থাটি বলছে, পাঁচ শতাধিক ওয়েবসাইট ও অ্যাপে পিএইচপির পুরোনো সংস্করণ ব্যবহার করা হচ্ছে। সতর্ক করার পরও সাইটগুলোতে সংস্করণ হালনাগাদ করা হয়নি। এমন পরিস্থিতিতে দেশের ডিজিটাল সেবার নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে গত সপ্তাহে পিএইচপিতে দুটি ত্রুটি শনাক্ত করেন যুক্তরাষ্ট্রের দুটি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানের একদল গবেষক। প্রতিষ্ঠান দুটি হলো ক্যালিফ ও উইজ। ২১ অক্টোবর বিশ্বজুড়ে জরুরি ‘সিকিউরিটি আপডেট’ প্রকাশ করে পিএইচপির উন্নয়নকারী দল। এতে দুটি গুরুতর ত্রুটি সংশোধন করা হয়। পিএইচপি কর্তৃপক্ষ ২৩ অক্টোবর আরেকটি ত্রুটি শনাক্তের কথা জানিয়েছে।
নতুন এই ত্রুটি পিএইচপির সেশন ব্যবস্থাপনা ও ফাইল আপলোডের অগ্রগতি পর্যবেক্ষণের একটি বিশেষ ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত। বিশেষজ্ঞেরা বলছেন, এই দুর্বলতা কাজে লাগিয়ে হামলাকারীরা সার্ভারে অননুমোদিত নির্দেশনা চালানোর সুযোগ পেতে পারে।
এদিকে এ বিষয়ে গতকাল সার্ট একটি সতর্কবার্তা দিয়েছে। এতে বলা হয়েছে, নতুন ত্রুটির জন্য এখনো নিরাপত্তা সংশোধনী প্রকাশিত হয়নি। কোন কোন সংস্করণ আক্রান্ত এবং ঝুঁকির চূড়ান্ত মাত্রা কত, তা–ও নির্ধারিত হয়নি। এ অবস্থায় সংস্থাটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে পিএইচপির ‘সেশন আপলোড প্রগ্রেস’–সুবিধা সাময়িক বন্ধ রাখা, সার্ভারের প্রয়োজনীয় সেবা আবার চালু করা, সফটওয়্যারের বিন্যাস পরীক্ষা করা এবং সন্দেহজনক কার্যক্রম পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছে।
সার্টের সাইবার থ্রেট ইন্টেলিজেন্স ইউনিটের নজরদারিতে ধরা পড়েছে, পাঁচ শতাধিক ওয়েবসাইট ঝুঁকিতে রয়েছে। বেশির ভাগই বেসরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট। তবে আর্থিক এবং জনগুরুত্বপূর্ণ সরকারি ওয়েবসাইটও এই ঝুঁকিতে রয়েছে। ওয়েবসাইটগুলো হালনাগাদ করা হলে এই ঝুঁকি কমে আসবে। তবে এ পর্যন্ত শনাক্ত হওয়া ওয়েবসাইটের সংখ্যা উদ্বেগজনক।
সার্টের সাইবার থ্রেট ইন্টেলিজেন্স ইউনিটের নজরদারিতে ধরা পড়েছে, পাঁচ শতাধিক ওয়েবসাইট ঝুঁকিতে রয়েছে। বেশির ভাগই বেসরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট। তবে আর্থিক এবং জনগুরুত্বপূর্ণ সরকারি ওয়েবসাইটও এই ঝুঁকিতে রয়েছে।
সার্টের প্রকল্প পরিচালক নাজমুল হক খন্দকার বলেন, ‘ওয়েবসাইটগুলো হালনাগাদ করা হলে এই ঝুঁকি কমে আসবে। তবে এ পর্যন্ত শনাক্ত হওয়া ওয়েবসাইটের সংখ্যা উদ্বেগজনক।’
সার্টের একাধিক কর্মকর্তা জানান, এখনো সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে পুরোনো ও ঝুঁকিপূর্ণ পিএইচপি সংস্করণ ব্যবহার করা হচ্ছে। সতর্ক করার পরও প্রতিষ্ঠানগুলো নিরাপত্তা সংশোধনের নিশ্চয়তা দেয়নি। এতে নাগরিকদের গুরুত্বপূর্ণ তথ্য চুরি এবং সাইবার হামলার আশঙ্কাও করছেন তারা।
এসব সতর্কবার্তার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো দুর্বলতা কতটা দ্রুত সংশোধন করছে এবং নিরাপত্তাব্যবস্থা যথাযথভাবে অনুসরণ করছে কি না, তা নিশ্চিত করার ব্যবস্থা কতটা কার্যকর, সেই প্রশ্ন রয়েছে।
দেশের ডিজিটাল অবকাঠামোর নিরাপত্তায় জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীন বিজিডি ই-গভ সার্টের ভূমিকা রয়েছে। সার্ট সাইবার হুমকি শনাক্ত করা এবং নিরাপত্তা ত্রুটি সম্পর্কে সতর্কবার্তা দেওয়ার কাজ করে। তবে এসব সতর্কবার্তার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো দুর্বলতা কতটা দ্রুত সংশোধন করছে এবং নিরাপত্তাব্যবস্থা যথাযথভাবে অনুসরণ করছে কি না, তা নিশ্চিত করার ব্যবস্থা কতটা কার্যকর, সেই প্রশ্ন রয়েছে।