
মো. সবুজ, ভোলা: বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের ভোলা সদর উপজেলার ১৮১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী পাঁচ বছরের জন্য পশ্চিম ধনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শামসুল আলম চৌধুরীকে সভাপতি ও দক্ষিন কোড়ালিয়া দাখিল মাদ্রাসার হারুন সাহেবকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে ভোলা আলিয়া মাদ্রাসার সভাকক্ষে বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন ভোলা সদর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির ভোলা সদর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক বলেন, মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক-কর্মচারীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন কমিটির নেতৃবৃন্দকে দায়িত্বশীলতার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি শিক্ষক-কর্মচারীদের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মাদ্রাসার শিক্ষক-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান প্রধান ও বিশেষ অতিথিরা। ১৮১ সদস্যের এ কমিটি আগামী পাঁচ বছর ভোলা সদর উপজেলায় জমিয়াতুল মোদাররেছীনের সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।