
সৈয়দ ইউনুছ, তজুমদ্দিন (ভোলা): ভোলার তজুমদ্দিনে মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২১ জেলেকে আটক করেছে মৎস্য প্রশাসন। এ সময় তিনটি মাছ ধরার ট্রলার ও জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আটক ট্রলারগুলো রাখা হয়েছে মৎস্য অফিসের হেফাজতে।
রোববার (২৫ অক্টোবর) রাত সোয়া ১২টার দিকে উপজেলার মহিষখালী মাছঘাট-সংলগ্ন মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বনি আমিনের নেতৃত্বে মৎস্য প্রশাসনের একটি দল অভিযানটি চালায়।
অভিযানে মাছ ধরার অভিযোগে ২১ জেলেকে আটক করা হয়। এ সময় তিনটি মাছ ধরার ট্রলার ও জাল জব্দ করা হয়। পরে শশীগঞ্জ মৎস্যঘাটে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক জেলেদের মধ্যে ১৮ জনকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বনি আমিন। বাকি তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের পরিবারের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন—মো. শিপন (৩২), মো. সজিব (১৯), মো. কাশেম (৩৩), মো. ফয়সাল (২৫), মো. সোহাগ (২৫), নুর ইসলাম (২৫), আকবর (২০), মো. রাশেদ (২০), মনির (২৮), মো. আইয়ুব (২৮), ইব্রাহীম মাঝি (৫২), মো. রফিক (৪০), মো. শরীফ (২৮), মো. হাফিজ (৩৪), মো. মাকসুদ (৪৮), মো. শাহাদাত (২০), মো. ফারুক (৬৫) ও মো. কামাল (৬২)। তাঁদের সবার বাড়ি তজুমদ্দিন উপজেলায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বনি আমিন বলেন, মেঘনা নদীতে অভিযান অব্যাহত থাকবে। নিষেধাজ্ঞার ২২ দিনে সরকারি আইন লঙ্ঘন করলে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।