
ইব্রাহিম আকতার আকাশ: ভোলার বোরহানউদ্দিনে বাড়ির পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার মানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলো মোসাম্মৎ মাহা (৮) ও তানহা আক্তার (৯)। মাহার বাবার নাম মো. শাহিন এবং তানহার বাবা আব্দুল গনি। তারা দুজনই মানিকারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় লোকজন ও স্বজনদের বরাতে জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে দুই শিশু বাড়ির পুকুরে গোসল করতে যায়। এ সময় পুকুরের ঘাটলা থেকে পিছলে পানিতে পড়ে তারা ডুবে যায়। পরে তানহার মরদেহ পানিতে ভেসে ওঠে। এরপর স্থানীয় লোকজন ও স্বজনেরা পুকুর থেকে মাহার মরদেহ উদ্ধার করেন।
দুই স্কুলছাত্রীর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।