
মনপুরা (উপজেলা) প্রতিনিধি: ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার অবৈধ জাল জব্দ করেছে কোস্টগার্ড। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার (২১ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের জনতা, কোড়ালিয়া ও সূর্যমুখী এলাকার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।
কোস্টগার্ড সূত্র জানায়, মা ইলিশ সংরক্ষণে পরিচালিত অভিযানে এসব ইলিশ ও অবৈধ জাল জব্দ করা হয়। পরে জব্দ করা মা ইলিশ এতিম ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয় এবং ৫ লাখ মিটার জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মনপুরা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার জানান, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখা ও অবৈধভাবে মাছ শিকার বন্ধে মেঘনা নদীতে অভিযান অব্যাহত থাকবে।