
ভারত থেকে আমদানি করা ১৮টি রেলকোচের প্রথম চালান এসে পৌঁছেছে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায়।
শনিবার (১৭ অক্টোবর) ভোরে দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা সৈয়দপুরে কোচগুলো পৌঁছায়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে এগুলো ট্রায়াল রান সম্পন্ন করে রেলওয়ের ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হবে।
রেলওয়ে কারখানা সূত্রে জানা যায়, বাংলাদেশ রেলওয়ের বহরে নতুন কোচ যুক্ত করার অংশ হিসেবে ভারতের রাইটস লিমিটেডের মাধ্যমে এসব কোচ সংগ্রহ করা হচ্ছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত ২০০টি ব্রডগেজ রেলকোচ সরবরাহ চুক্তির আওতায় প্রথম চালানে ৪ ধরনের ১৮টি কোচ এসেছে।
প্রথম চালানে আসা কোচগুলোর মধ্যে রয়েছে ১১টি নন-এসি শোভন চেয়ার কোচ, ৩টি এসি চেয়ার কোচ, ২টি এসি স্লিপার কোচ ও ২টি এসি পাওয়ার কার। পাওয়ার কারগুলোতে গার্ডদের জন্য পৃথক কামরা এবং যাত্রীদের মালামাল বহনের ব্যবস্থা রয়েছে। কোচগুলো ভারতের পাঞ্জাবের কাপুরথালায় রেলকোচ ফ্যাক্টরিতে তৈরি করা হয়েছে।
সৈয়দপুর রেলওয়ে কারখানায় পৌঁছানোর পর কোচগুলো খুলে প্রয়োজনীয় যান্ত্রিক পরীক্ষা-নিরীক্ষা, কমিশনিং ও ট্রায়াল রান করা হবে। এ জন্য লোকোমোটিভ, প্রয়োজনীয় ক্রু, টুলভ্যানসহ আনুষঙ্গিক ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে।
এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নূর মোহাম্মদ বলেন, কারখানায় আনা কোচগুলো এখনো খোলা হয়নি। শিগগিরই এগুলো খুলে পরীক্ষা-নিরীক্ষা করে দেশের রেলপথে চলাচলের জন্য উপযোগিতা যাচাই করা হবে।
তিনি আরও বলেন, এ কাজে রেলওয়ে কারখানার শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের পাশাপাশি ভারতের বিশেষজ্ঞরাও কাজ করবেন। কারখানায় যান্ত্রিক পরীক্ষা-নিরীক্ষা শেষে কোচগুলোর ট্রায়াল রান সম্পন্ন করে রেলওয়ের ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হবে।