
মো. মামুন হাজী, লালমোহন: ভোলার লালমোহন উপজেলার ৬ নম্বর ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ মো. গিয়াস উদ্দিন আহমেদ।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনরা অংশ নেন।
সভায় উপস্থিত ইমাম ও মুয়াজ্জিনদের বিভিন্ন মতামত, পরামর্শ ও প্রত্যাশার কথা শোনেন চেয়ারম্যান পদপ্রার্থী গিয়াস উদ্দিন আহমেদ। এ সময় ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা, ধর্মীয় মূল্যবোধের চর্চা এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সভায় অংশগ্রহণকারী ইমাম ও মুয়াজ্জিনরা বলেন, হাফেজ মো. গিয়াস উদ্দিন আহমেদ পবিত্র কোরআনের হাফেজ। তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে পবিত্র কোরআন ও সুন্নাহর শিক্ষা, ইসলামের ন্যায়বিচার, মানবিকতা ও নৈতিক মূল্যবোধকে গুরুত্ব দিয়ে ইউনিয়নবাসীর কল্যাণে কাজ করবেন বলে তাঁরা প্রত্যাশা করেন।
তাঁরা আরও বলেন, ইসলামে জনপ্রতিনিধিত্ব একটি আমানত এবং মানুষের সেবা করা মহৎ দায়িত্ব। একজন জনপ্রতিনিধির উচিত সততা, ন্যায়নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে জনগণের পাশে থাকা। গিয়াস উদ্দিন আহমেদ নির্বাচিত হলে মসজিদ-মাদ্রাসার উন্নয়ন, ধর্মীয় মূল্যবোধ সংরক্ষণ, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করবেন বলে তাঁরা আশা প্রকাশ করেন।
ইমাম ও মুয়াজ্জিনরা আরও আশাবাদ ব্যক্ত করেন, ইসলামের শান্তি, সাম্য, ভ্রাতৃত্ব ও মানবকল্যাণের আদর্শ অনুসরণ করে ফরাজগঞ্জ ইউনিয়নকে একটি সুন্দর ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলতে তিনি ভূমিকা রাখবেন।
মতবিনিময় সভায় চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ মো. গিয়াস উদ্দিন আহমেদ ইমাম ও মুয়াজ্জিনদের মতামত ও পরামর্শকে গুরুত্ব দেওয়ার কথা জানান। এ সময় এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা নিয়েও আলোচনা হয়।