
মো. সবুজ, ভোলা: ভোলার কাচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হাই মিয়াজী জনগণের সেবক হয়ে এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে কাচিয়া ইউনিয়নের শাহ-মাদার গ্রামের একটি বিদ্যালয়ের মাঠে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় আব্দুল হাই মিয়াজী তাঁর নির্বাচনী পরিকল্পনা ও এলাকার উন্নয়ন ভাবনা তুলে ধরেন। এ সময় ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা, অবকাঠামোগত উন্নয়ন এবং সাধারণ মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।
আব্দুল হাই মিয়াজী বলেন, তিনি জনপ্রতিনিধি হিসেবে না, জনগণের সেবক হিসেবে ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করবেন। মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচিত হতে পারলে কাচিয়া ইউনিয়নকে একটি উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার পাশাপাশি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। এছাড়াও সুখে-দুঃখে সব সময় সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
উক্ত মতবিনিময় সভায় ইউনিয়ন বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।