
এইচ এম নোমান, চরফ্যাশন প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) রাত ১২টার দিকে শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রসুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা খোকন চাকলাদার, মাকসুদ কর্মকার ও তাহের।
পুলিশ সূত্রে জানা যায়, রসুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শশীভূষণ বাজার সদর দক্ষিণ মাথায় খোকন চাকলাদারের একটি পরিত্যক্ত বসতঘরের নির্জন স্থানে একদল ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শশীভূষণ থানা পুলিশের একটি বিশেষ দল সেখানে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে খোকন, মাকসুদ ও তাহেরকে গ্রেপ্তার করা হয়। তবে অন্ধকার ও ভৌগোলিক পরিস্থিতির সুযোগ নিয়ে তাদের সঙ্গে থাকা আরও ৩-৪ জন সহযোগী পালিয়ে যায়।
গ্রেপ্তারের পর তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহারের জন্য রাখা বেশ কিছু দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে শশীভূষণ থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।