
শিহাব আহমেদ, চরফ্যাশন:চট্টগ্রামের সীতাকুণ্ডে কর্মস্থলে দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মো. মনির (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের বাসিন্দা।
নিহত মনির হাজারীগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শহীদ মাঝি বাড়ির ইব্রাহিমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মনির চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি রড কোম্পানিতে চাকরি করতেন। কর্মস্থলে হঠাৎ দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
অবস্থার অবনতি হলে মনিরকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একদিন পর তার মৃত্যু হয়।
এদিকে মনিরের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে চরফ্যাশনের হাজারীগঞ্জে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ।