
মো. শিহাব আহমেদ, চরফ্যাশন: ভোলার চরফ্যাশনে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে চরফ্যাশন পৌরসভা।
শুক্রবার সকালে চরফ্যাশন সরকারি কলেজ চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। পৌরসভার উদ্যোগে আয়োজিত র্যালিটি কলেজের আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও পরিচ্ছন্নতাকর্মীরা অংশ নেন।
পরে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজের নেতৃত্বে শুরু হয় পরিচ্ছন্নতা অভিযান। পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে চরফ্যাশন সরকারি কলেজের আশপাশের বিভিন্ন স্থানে জমে থাকা আগাছা ও বনজঙ্গল পরিষ্কার করেন পরিচ্ছন্নতাকর্মীরা। এ সময় ইউএনও রুমানা আফরোজ সরেজমিনে উপস্থিত থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন।
ইউএনও রুমানা আফরোজ বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমে মশার প্রজননস্থল তৈরি হচ্ছে কি না, সেদিকেও নজর দিতে হবে। কোথাও পানি জমে থাকলে দ্রুত তা অপসারণ করতে হবে।”
স্থানীয় প্রশাসন জানায়, শুধু অভিযান পরিচালনা করলেই ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। মশার বংশবিস্তার রোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোও জরুরি।
এ জন্য বাড়ির আঙিনা, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় পানি জমতে না দেওয়ার বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।