মো. মামুন হাজী, লালমোহন : ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নে বিএনপির উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ধলীগৌরনগর ইউনিয়ন বিএনপির পশ্চিম শাখার উদ্যোগে দালাল বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির উদ্বোধন করেন ইউনিয়ন বিএনপির পশ্চিম শাখার সভাপতি দেলোয়ার হোসেন নসু মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবলু মহাজন, ইউনিয়ন যুবদলের সভাপতি সোহাগ মিয়া, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি লিটনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
কর্মসূচিতে দেলোয়ার হোসেন নসু মিয়া বলেন, দেশব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে তারা এ কার্যক্রম হাতে নিয়েছেন। ডেঙ্গুর বিস্তার রোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিকল্প নেই। এ বিষয়ে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবলু মহাজন বলেন, “পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ।” প্রত্যেককে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে এ বিষয়ে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান তিনি।
ইউনিয়ন যুবদলের সভাপতি সোহাগ মিয়া বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা শুধু একটি রাজনৈতিক দলের কর্মসূচি নয়; সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি যুবদলের নেতাকর্মীদের এ ধরনের কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।