
মো মামুন হাজী লালমোহন : ভোলার লালমোহনে প্রধানমন্ত্রী ঘোষিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক।
সভায় সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু মাহমুদ তালহা, উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, পৌরসভা বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মাওলানা রাশেদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে লালমোহন উপজেলাকে পাঁচটি অংশে ভাগ করে পাঁচজন ফোকাল পয়েন্ট কর্মকর্তা নির্ধারণ করা হয়েছে। তাদের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা ও মনিটরিং করা হবে।
এ ছাড়া আগামী শনিবার উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করার কর্মসূচি নেওয়া হয়েছে। পাশাপাশি ইউনিয়নগুলোর বাজারসহ যেসব এলাকায় ডেঙ্গুবাহী মশার প্রজনন ও উপদ্রব বেশি, সেসব স্থান নিয়মিত পরিষ্কার ও নজরদারির আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে।
পৌরসভা, ইউনিয়ন পরিষদ এবং সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে প্রচার-প্রচারণা চালানোরও সিদ্ধান্ত নেওয়া হয়।