
চ্যানেল ভোলা ডেস্ক: জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়িয়েছে সরকার। নতুন ভাড়ার হার নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নতুন নির্ধারিত ভাড়ায় ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৭০ পয়সা এবং আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে ২ টাকা ৪০ পয়সা করা হয়েছে।
এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরীসহ ডিটিসিএর আওতাভুক্ত আশপাশের জেলার অভ্যন্তরীণ রুটে মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৬০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
তবে বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৮ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।
সরকার জানিয়েছে, নতুন ভাড়া শুধু ডিজেলচালিত বাস ও মিনিবাসের জন্য প্রযোজ্য হবে। গ্যাসচালিত যানবাহনের ক্ষেত্রে এটি কার্যকর হবে না।
প্রজ্ঞাপনে প্রতিটি গাড়িতে নতুন ভাড়ার তালিকা যাত্রীদের দৃশ্যমান স্থানে টানিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আসন সংখ্যা কমিয়ে বাসের ভেতরের পরিবেশ আরামদায়ক করা হলে কর্তৃপক্ষের কাছ থেকে আনুপাতিক হারে ভাড়া পুনর্নির্ধারণ করতে হবে।
এর আগে বিআরটিএ কিলোমিটারপ্রতি ১৮ থেকে ২০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। শেষ পর্যন্ত সরকার ১৭ পয়সা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত করেছে।