
মনপুরা প্রতিনিধি: ভোলার মনপুরা উপজেলা মডেল মসজিদে মনোয়ারা বেগম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও মনপুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন আহমেদের ওপর হামলার অভিযোগের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মনপুরা উপজেলা যুবদল।
রোববার (২০ সেপ্টেম্বর) ঘটনার পর মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ব্যক্তিগত ফেসবুক পোস্টে এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান মনপুরা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শামছুদ্দিন আহমেদ মোল্লা।
বিবৃতিতে তিনি বলেন, উপজেলা মডেল মসজিদে মো. মহিউদ্দিন আহমেদের সঙ্গে কলেজের এক কর্মচারীর যে ঘটনা ঘটেছে এবং এর আগে ওই কর্মচারীর সঙ্গে তার বিরোধের ঘটনাও দুঃখজনক। তবে এ ঘটনায় মহিউদ্দিন আহমেদ মনপুরা থানায় যে মামলা করেছেন, তাতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না এবং ঘটনার বিষয়ে অবগত নন—এমন কয়েকজনকে আসামি করা হয়েছে বলে দাবি করেন তিনি।
যুবদলের আহ্বায়ক মামলাটিকে ‘মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে মনপুরা উপজেলা যুবদলের সদস্যসচিব হাফেজ আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মিজানুর রহমান এবং ওলামা দলের সাবেক সভাপতি মাওলানা মো. শিহাব উদ্দিনসহ মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
একই সঙ্গে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের আইনের আওতায় এনে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
তবে এ বিষয়ে মামলার বাদী মো. মহিউদ্দিন আহমেদ কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।