
মনপুরা (উপজেলা) প্রতিনিধি: ভোলার মনপুরা উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন কলাতলীর ৪ নম্বর ওয়ার্ডে স্থানীয়দের চলাচলের গুরুত্বপূর্ণ একটি সড়ক নিজস্ব অর্থায়নে মেরামত করে দিয়েছেন জুবায়ের হাসান রাজিব চৌধুরী।
কলাতলী ভদ্রপাড়া জামে মসজিদ থেকে রিপন বাজার, স্কুল ও মাদ্রাসা সংলগ্ন সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকায় স্থানীয়দের দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতে ভোগান্তি ছিল বেশি।
স্থানীয়দের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে জুবায়ের হাসান রাজিব চৌধুরী ব্যক্তিগত অর্থায়নে সড়কটির প্রয়োজনীয় মেরামতের উদ্যোগ নেন। এতে ৪ নম্বর ওয়ার্ডের প্রায় ৫০০ পরিবারের যাতায়াতের পথটি পুনরায় চলাচলের উপযোগী হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি মেরামত হওয়ায় স্কুল, মাদ্রাসা, বাজার ও মসজিদে যাতায়াত সহজ হয়েছে। ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তারা।
জুবায়ের হাসান রাজিব চৌধুরী বলেন, “এলাকার মানুষের যাতায়াতের দুর্ভোগের কথা বিবেচনা করেই নিজস্ব অর্থায়নে সড়কটি মেরামতের উদ্যোগ নিয়েছি। মানুষের প্রয়োজনের সময় পাশে থাকাই আমার উদ্দেশ্য।”
স্থানীয়দের দাবি, সড়কটি দীর্ঘমেয়াদে টেকসই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে স্থায়ীভাবে সংস্কার করা প্রয়োজন।