
মনপুরা (উপজেলা) প্রতিনিধি: ভোলার মনপুরায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারীকে আটক করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করে পুলিশ।
আটক নারী হলেন আসমা আক্তার মিতু। তিনি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের আলী হোসেনের মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪র্থ আদালতের বিচারক মাদক আইনের একটি মামলায় আসমা আক্তার মিতুকে দুই বছর সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেন। একই আদালতের অপর একটি মাদক মামলায় তাকে এক বছর সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। সাজা ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।
মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক নারীকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।