
নিজস্ব প্রতিবেদক, মনপুরা (ভোলা):
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীলতা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ভোলার মনপুরায় নানা আয়োজনে উদযাপিত হয়েছে নজরুল শতবর্ষ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে দিনব্যাপী এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
নজরুল শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে আয়োজিত এই প্রতিযোগিতায় নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয় ও নৃত্য পরিবেশনা অন্তর্ভুক্ত ছিল। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন বয়সী প্রতিযোগীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে নিজেদের প্রতিভা প্রদর্শন করেন।
অনুষ্ঠানে প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবিব। এ সময় তিনি প্রতিযোগীদের মনোজ্ঞ পরিবেশনা উপভোগ করেন এবং নজরুলের বিদ্রোহী বাণী, অসাম্প্রদায়িক চেতনা ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
উপজেলা পাবলিক হেলথ কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন
উপজেলা কৃষি কর্মকর্তা আহসান তাওহীদ
উপজেলা নির্বাচন কর্মকর্তা গিয়াস উদ্দিন তালুকদার
উপজেলা সমবায় কর্মকর্তা মো. নাসির উদ্দিন
জুরান চন্দ্র মজুমদার
মো. সিরাজুল ইসলাম
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মকর্তারা।
আয়োজকরা জানান, নজরুলের অসাম্প্রদায়িক চেতনা, মানবতাবাদ, দেশপ্রেম ও বহুমুখী সৃষ্টিশীলতার সঙ্গে নতুন প্রজন্মকে গভীরভাবে পরিচিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। দিনব্যাপী প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও উপস্থিত দর্শকদের উপস্থিতিতে পুরো উপজেলা পরিষদ হলরুম এক উৎসবমুখর পরিবেশে রূপ নেয়।