
মো. মামুন হাজী, লালমোহন (ভোলা):ভোলার লালমোহনে অভিযান চালিয়ে ৬০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টা ১০ মিনিটের দিকে পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের একটি বসতঘর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—লালমোহন পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মৃত আ. মোতালেবের ছেলে মো. মিরাজ (৪০) এবং মো. খোকনের ছেলে মো. অন্তর (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার (পিপিএম-বার)-এর দিকনির্দেশনা এবং লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলামের তত্ত্বাবধানে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে উপপরিদর্শক (এসআই) অসীম চন্দ্র কর্মকারের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় মিরাজের বসতঘর থেকে ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে মিরাজ ও অন্তরকে গ্রেফতার করা হয়।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।