
এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের পর বরিশাল শিক্ষা বোর্ডে ৭৯ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। তাঁরা ফেল থেকে পাস করেছেন। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন আরও ১১২ জন। এ ছাড়া ১ হাজার ৫ জন পরীক্ষার্থীর গ্রেড পয়েন্ট এবং ৩ হাজার ১১৮ জনের নম্বর পরিবর্তন হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা এসব তথ্য নিশ্চিত করেছেন।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার বরিশাল বোর্ডে ১৭ হাজার ২৮৩ জন পরীক্ষার্থী উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেন। তাঁরা মোট ৫০ হাজার ২৯৩টি আবেদন করেন।
পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ মোর্শেদ রেজা বলেন, পুনঃনিরীক্ষণের পর ৭৯ জন পরীক্ষার্থী ফেল থেকে পাস করেছেন। ১১২ জন নতুন করে জিপিএ-৫ পেয়েছেন। ১ হাজার ৫ জনের গ্রেড পয়েন্ট এবং ৩ হাজার ১১৮ জনের নম্বর পরিবর্তন হয়েছে।
গত ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ওই ফলে বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৬০ দশমিক ৩৫ শতাংশ। বোর্ডে এবার ১ হাজার ৫১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮২ হাজার ৯০১ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিবন্ধিত ছিলেন। এর মধ্যে ২১৬টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন ৮০ হাজার ৪৫৮ জন।
প্রকাশিত ফলে বরিশাল বোর্ডে পাস করেন ৪৮ হাজার ৫৫৫ জন পরীক্ষার্থী। পরীক্ষায় বহিষ্কার হন ২৪ জন। উত্তরপত্র পুনঃনিরীক্ষণের পর পরিবর্তিত ফল প্রকাশের মাধ্যমে এবার আরও কিছু পরীক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে।